প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, মানুষের ভাগ্য পরিবর্তন করাটাই আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য। আমরা এ লক্ষ্য নিয়েই কাজ করছি। মানুষের ভাগ্য পরিবর্তনে আওয়ামী লীগ কাজ করে যাবে।
গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়াস্থ বাসভবনে গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে কেন্দ্রীয় আওয়ামী লীগের সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর নাম কেউ কখনও মুছে ফেলতে পারবে না। আমরা আজকে যে প্রবৃদ্ধি অর্জন করেছি, সে অর্জনের সুফল একেবারে তৃণমূল পর্যায়ের গ্রামের মানুষ যেন পায়; সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মীকেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে চলতে হবে। বাংলাদেশকে আমরা জাতির পিতার ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবো। আমরা সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি।












