বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেছেন, ঢাকা সিটি নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হওয়া সবারই কাম্য। সংঘর্ষ প্রত্যাশিত নয়। আমি আশা করবো একটা সুষ্ঠু নির্বাচন হবে, আমরা সুষ্ঠু নির্বাচন আশা করি।
আজ রোববার ঢাকা দক্ষিণে বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের সাথে দেখা করে বেরিয়ে এসব কথা বলেন তিনি।
রাজধানীর গোপীবাগে নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, সংঘর্ষের ঘটনা প্রত্যাশিত নয়, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। নির্বাচনে প্রতিযোগিতায় সংঘর্ষ কোনোভাবেই হওয়া উচিত নয়।
ব্রিটিশ হাইকমিশনার বলেন, আমি সব মেয়র প্রার্থীর সাথে দেখা করছি। তারই অংশ হিসেবে আজ বিএনপির প্রার্থীর সাথে দেখা করতে এসেছি। আমি ইলেকশন কমিশনের সাথে কথা বলেছি, তারা কিভাবে নির্বাচন পরিচালনা করছে সে বিষয়ে কথা হয়েছে।












