মোহাম্মদপুরে আ’লীগের পোলিং এজেন্টকে কুপিয়ে হত্যা

0
181
ছবিঃ সংগৃহিত

রাজধানীর মোহাম্মদপুরে নির্বাচন-পরবর্তী হামলায় আওয়ামী লীগের এক এজেন্ট নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে ৩৪ নম্বর ওয়ার্ডের কাটাসুর এলাকার রহিম বেপারিঘাটে এ ঘটনা ঘটে।

নিহতের নাম সুমন শিকদার (২৪)। তিনি ৩২ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্টনের পোলিং এজেন্ট ছিলেন। সুমন লালমাটিয়া মহিলা কলেজ কেন্দ্রে দায়িত্ব পালন করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে ব্যাপারী ঘাটে দাঁড়িয়ে কথা বলছিলেন সুমন। এসময় কয়েকজন যুবক এসে ৩৩ নম্বর ওয়ার্ডের যুবলীগের নেতা শাহ আলম জীবনের লোক কে কে আছে বলে এলোপাতাড়িভাবে তাকে কোপাতে থাকে। কুপিয়ে তারা চলে গেলে আহত অবস্থায় সুমনকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টায় তাকে মৃত ঘোষণা করেন।

হামলার সময় সবার মুখে মাস্ক পরা থাকায় কাউকে চিনতে পারেনি বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

মোহাম্মাদপুর থানা উপ-পরিদর্শক মো. হারুন জানান, আমরা খবর পেয়ে হাসপাতালে আসি কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। তদন্ত চলছে, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

এদিকে সুমনের লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

জানা গেছে, সুমন সিকদারের বাবা আনোয়ার আহমেদ একজন গাড়িচালক। লালমাটিয়ার ৪/২ ব্লকে তিনি পরিবারের সঙ্গে থাকতেন। এক ভাই ও দুই বোনের মধ্যে সুমন সবার বড়। তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতিতে।

LEAVE A REPLY