গত ১ ফেব্রুয়ারি সাংবাদিকদের হেনস্থাকারী ছাত্রলীগ নেতা শহীদুল ইসলাম খান রিয়াদকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য স্বাক্ষরিত এক আদেশে রিয়াদকে বহিষ্কার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ ফেব্রুয়ারি এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ও দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জরুরি সিদ্ধান্ত মোতাবেক ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি শহীদুল ইসলাম খান রিয়াদকে সাময়িক বহিষ্কার করা হলো।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে ভোটগ্রহণকালে পেশাগত দায়িত্ব পালন করতে যাওয়া সাংবাদিকদের শারীরিকভাবে হেনস্থার অভিযোগ ওঠে ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।
হেনস্থার শিকার তিন সাংবাদিক হলেন- বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদক মাহবুব মমতাজি, বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদক নুরুল আমিন জাহাঙ্গীর ও দিন প্রতিদিন পত্রিকার প্রতিবেদক পাপন।
এদিকে, এ ঘটনায় জড়িত রিয়াদের বিরুদ্ধে ওই সময় কোনও ব্যবস্থা নেয়া হয়নি। বরং গত ২ ফেব্রুয়ারি রিয়াদ হেনস্থার শিকার হওয়া ডেইলি বিজনেস স্ট্যান্ডার্ড ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদক মাহবুব মমতাজির বিরুদ্ধে থানায় জিডি করে। তিনি অভিযোগ করেন, ওই তিন সাংবাদিক ভোটকেন্দ্রে বিএনপি-জামাতের এজেন্ট হিসেবে গোলযোগ সৃষ্টির চেষ্টা করেছেন।












