আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীসহ মেয়র পদে সাতজনের মেয়রপ্রার্থী মনোনয়ন বৈধ এবং দুইজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
আজ রোববার (১ মার্চ) সকালে নগরীর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চসিক নির্বাচনের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শুরু হয়। যাচাই বাছাই শেষে চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান সাতজনের মনোনয়নপত্র বৈধ ও দুইজনের বাতিল ঘোষণা করেন।
সাতজন হচ্ছেন– আওয়ামী লীগের মেয়রপ্রার্থী রেজাউল করিম চৌধুরী, বিএনপির ডা. শাহাদাত হোসেন, জাতীয় পার্টির সোলায়মান আলম শেঠ, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আবুল মঞ্জুর, ইসলামী ফ্রন্টের এমএ মতিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের জান্নাতুল ইসলাম ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ।
খোকন চৌধুরী ও মো. তানজির আবেদীন নামে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
আগামী ২৯ মার্চ চট্টগ্রাম সিটিতে নির্বাচন হবে। এবারই প্রথম এই সিটির সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণ করা হবে।
এবার মেয়র পদে ১১ জন ফরম নিয়েছিলেন। এর মধ্যে ৯ জন ফরম জমা দিয়েছিলেন। সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪৪১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এর মধ্যে ২২০ জন ফরম দাখিল করেছেন।












