স্ত্রীকে মারধর করার পর ওয়াজ করতে গিয়ে গণপিটুনি খেলেন মাওলানা

0
686
ছবি: সংগৃহীত

নিয়মিত ওয়াজ মাহফিলে যৌতুক ও নারী নির্যাতনের বিরুদ্ধে কথা বললেও নিজের বেলায় ভিন্ন কাজ ঘটালো এই মাওলানা। যৌতুকের দাবিতে লোহার রড দিয়ে পিটিয়ে স্ত্রীর দুই হাত ভেঙে দেয়ার পর ঘরে আটকে রেখে ওয়াজ করতে গিয়ে গণপিটুনি খেলেন মাওলানা এএইচএম সোয়াইব হোসাইন সিদ্দিকী।

রোববার রংপুরের পীরগঞ্জে একটি ইসলামী জলসায় ওয়াজ করতে গেলে তাকে আটকে গণপিটুনি দেয় জনতা। পরে তাকে থানায় সোপর্দ করা হয়।

জানা যায়, যৌতুকের দাবিতে প্রায়ই স্ত্রীকে মারধর করতেন। দেড় বছর আগে হাফেজ মাওলানা সোয়াইব হোসাইন সিদ্দিকীর সঙ্গে রংপুরের পীরগঞ্জ উপজেলার দূরা মিঠিপুর গ্রামের মৃত ইব্রাহিম সরকারের মেয়ে সোমিয়া ছিদ্দিকার বিয়ে হয়। বিয়ের পর থেকে মাওলানা সিদ্দিকী যৌতুক দাবি করতেন।

গত ১৮ জানুয়ারি লোহার রড দিয়ে পিটিয়ে স্ত্রীর দুই হাত ভেঙে দেন। এর পর তাকে ঘরে আটকে রেখে ইসলামী জলসায় ওয়াজ করতে বাড়ি থেকে বেরিয়ে যান। এর পর থেকে স্ত্রী ও পরিবারের সঙ্গে মাওলানা সিদ্দিকীর যোগাযোগ বন্ধ ছিল। কোনোভাবেই তার সন্ধান পাওয়া যাচ্ছিল না।

প্রায় দেড় মাস পর গত রোববার রংপুরের পীরগঞ্জে একটি ইসলামী জলসায় ওয়াজ করার জন্য অতিথি হয়ে আসেন তিনি। খবর পেয়ে স্ত্রী সোমিয়ার পরিবারসহ আশপাশের লোকজন একত্র হয়ে তাকে আটক করে উত্তম-মধ্যম দেয়।পরে পুলিশের হাতে তুলে দেয়।

সাদুল্যাপুর থানা পুলিশের ওসি মাসুদ রানা বলেন, মারপিট করায় ওই গৃহবধূর দুই হাত ভেঙে গেছে। অভিযুক্ত মাওলানা সিদ্দিকীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY