নতুন সড়ক পরিবহন আইন প্রয়োগে কোনও প্রকার বাড়াবাড়ি যেন না হয় সে ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, নতুন আইনে জরিমানা আদায় করা মুখ্য উদ্দেশ্য নয়, সরকার চায় সবাই আইন মেনে চলুক। নতুন সড়ক পরিবহন আইনের মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনাই প্রধান উদ্দেশ্য।
পরিবহন মালিক-শ্রমিকদের নতুন আইন মেনে চলার অনুরোধ জানিয়ে মন্ত্রী কোনও প্রকার ধর্মঘট, বন্ধ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা শুরু হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য , গত ১ নভেম্বর কার্যকর করা হয় সড়ক পরিবহন আইন ২০১৮। নতুন আইনে জেলসহ বিশাল অংকের অর্থ জরিমানা বিধান রাখা হয়। পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দুই সপ্তাহের জন্য নতুন আইন বাস্তবায়ন শিথিল করে। গত বৃহস্পতিবার সেই সময়সীমা শেষ হয়। এরপর গতকাল রোবার (১৭ নভেম্বর) থেকে কাৰ্যকর হয় নতুন আইনটি।












