‘শেখ হাসিনাকে এখন কেবল বাংলাদেশের প্রধানমন্ত্রী বা জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা বলে যদি পরিচিত করা হয়, তবে তাঁকে ছোট করা হবে। শেখ হাসিনা এখন পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। তাঁর সঙ্গে তুলনা করার মতো এখন অন্তত এই পৃথিবীতে কোনো রাষ্ট্রনায়ক খুঁজে পাওয়া যাবে না।’ গতকাল সোমবার নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জমি হস্তান্তর ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মুক্তিযোদ্ধা মোস্তাফা জব্বার।
মন্ত্রী বলেন, যে হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ির দেশ বলেছিলেন, সেই ব্যক্তি ২০১৫ সালে কেনিয়ায় গিয়ে বলেছিলেন, ‘তোমরা যদি নিজেদের অগ্রগতি করতে চাও, তবে বাংলাদেশকে অনুসরণ করো।’ তা একমাত্র সম্ভব হচ্ছে শেখ হাসিনার নেতৃত্বের জন্য।
গত বছরের ১১ অক্টোবর ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। শহরের রাজুরবাজার এলাকায় ৫০০ একর জমিতে স্থাপিত হচ্ছে এ বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যে একনেকে ২ হাজার ৬৩৭ কোটি ৪০ লাখ টাকা অনুমোদন দেওয়া হয়েছে।
প্রথম বছর ২০১৮-১৯ শিক্ষাবর্ষে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ নিয়ে যাত্রা শুরু করে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়। এ বছর থেকে বিজ্ঞান—এই তিন অনুষদে বাংলা, ইংরেজি, অর্থনীতি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংসহ চারটি বিভাগ যোগ হয়।












