বিএনপি সংঘাতে জড়াতে চায় না বলেই শোভাযাত্রা করেনি :মির্জা ফখরুল

0
209
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। (ফাইল ছবি)

মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালি করতে না দেওয়া প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সংঘাতে জড়াতে চায় না। ‍তাই পুলিশি বাধা উপেক্ষা করে শোভাযাত্রা বের করা হয়নি।

আজ মঙ্গলবার মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘জাতিসংঘ ঘোষিত মানবাধিকার দিবস উপলক্ষে আমরা একটি শোভাযাত্রা করার ঘোষণা দিয়েছিলাম। আমরা সেভাবে প্রস্তুতি নিয়েছিলাম। আমাদের বলা হয়েছে নিচে নামলেই ব্যবস্থা নেবে। আমরা এই মুহূর্তে কোনো সংঘাতে জড়াতে চাই না। তাই র‌্যালি করিনি। আমরা আমাদের অধিকারের কথাগুলো বলার চেষ্টা করছি। জনসভা করতে গেলে অনুমতি নিতে হয়। সভা করতে দেওয়া হয় না। এমনকি সাংগঠনিক কার্যক্রমগুলোও করতে দেওয়া হয় না। ’

ফখরুল বলেন, সরকার ক্ষমতায় টিকে থাকতে একের পর এক মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে। এই সরকারের আমলে যত নির্যাতন হয়েছে, অতীতে কোনও সরকারের আমলে তা হয়নি। শুধু ক্ষমতায় থাকার জন্য নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়ে সামাজিক অস্থিরতা তৈরি করা হয়েছে।

তিনি বলেন, সব দরজা বন্ধ করে দিয়ে কোনও সমস্যার সমাধান হবে না। স্বৈরতন্ত্র কায়েম করে দেশ চালানো যাবে না। জনগণ তা মেনে নেবে না।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, মানবাধিকারবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান প্রমুখ।

LEAVE A REPLY