ভারতে থাকা বাংলাদেশিরা আসতে চাইলে ফিরিয়ে আনা হবে : ওবায়দুল কাদের

0
191
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভারতে থাকা বাংলাদেশিরা চাইলে তাদের দেশে ফিরিয়ে আনা হবে।

সম্প্রতি প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, যদি প্রমাণিত হয় যে বাংলাদেশ থেকে কোনো সময় লোক গেছে, তাদের ফেরত আনা হবে। এ বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, বিএনপি আমলে যা ঘটেছে, তাতে ধর্মীয় সংখ্যালঘুদের ভারতে চলে যাওয়াটা খুব স্বাভাবিক। তখন আওয়ামী লীগ বিরোধী দলে ছিল। সংখ্যালঘুদের প্রতি সহানুভূতিশীল ছিল তাঁর দল। সে সময় অনেক জায়গায় লঙ্গরখানা করেছেন তাঁরা। ঢাকাতেও অনেককে আশ্রয় দেওয়ার চেষ্টা করেছেন। তখন ভয়ভীতির কারণে অনেকে চলে যেতে পারে। তারা ফিরে আসতে চাইলে আনা হবে কি না এমন প্রশ্নে সরকারের গুরুত্বপূর্ণ এই মন্ত্রী বলেন, ‘তারা আসতে চাইলে আমরা ফিরিয়ে নেব।’

গতকাল সোমবার দুপুরে সচিবালয়ে নিজ দফতরের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সামনে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, এখন শেখ হাসিনা সরকারের আমলে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেনি। বিচ্ছিন্ন-বিক্ষিপ্তভাবে অঞ্চলভিত্তিক দু–চার জায়গায় কিছু ঘটনা ঘটেছে। তা কারও দেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার মতো বিষয় নয়।

এ সময় এই বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এক মন্তব্যের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তিনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। শাক দিয়ে মাছ ঢাকা যায় না। বিএনপির সময়ই সবচেয়ে বেশি হামলা হয়েছে।

LEAVE A REPLY