জুভেন্টাসকে উড়িয়ে দিয়ে ইতালিয়ান সুপার কাপের শিরোপা জিতলো লাৎসিও। রোববার সৌদি আরবের রিয়াদে পর্তুগীজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর দল হেরেছে ৩-১ ব্যবধানে।
কিং সাউদ বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে এদিন আরবী হরফে নাম লেখা জার্সি পরে খেলতে নামে ইতালিয়ান জায়ান্টরা।
লুইস আলবার্তোর গোলে লিড নেয় লাৎসিও। ম্যাচের ১৬ মিনিটে স্প্যানিশ এই উইঙ্গার দলের হয়ে প্রথম গোলটি করেন। যদিও প্রথমার্ধের শেষ দিকে আর্জেন্টাইন ফরোয়ার্ড পাউলো দিবালার গোলে সমতায় ফেরে জুভেন্টাস।
৭৩তম মিনিটে বসনিয়ান মিডফিল্ডার সেনাদ লুলিচের গোলে আবারও এগিয়ে যায় লাৎসিও। এবার আর সমতায় ফিরতে পারেনি মাউরিজিও সাররির শীষ্যরা।
উল্টো যোগ করা সময়ে আরও এক গোল খেয়ে বসে তুরিনের দলটি। ইতালিয়ান মিডফিল্ডার দানিলো কাতালদির গোলে শিরোপা জয়ের আনন্দে মাঠ ছাড়ে লাৎসিও।











