শান্তির পৃথিবী গড়তে সাহিত্যচর্চা অনন্য হাতিয়ার : তথ্যমন্ত্রী

0
178
ছবি: পিআইডি

জাতিগত সংঘাত ও মানুষে মানুষে লড়াই বন্ধ করে শান্তির পৃথিবী গড়তে সাহিত্যচর্চাকে অনন্য হাতিয়ার বলে উল্লেখ করেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার বিকেলে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে সাহিত্য সংগঠন ‘বাংলাদেশ রাইটার্স ক্লাব’ আয়োজিত আন্তর্জাতিক লেখক দিবস উদ্‌যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, সভ্যতার বিকাশের সাথে সাথে আমরা ক্রমাগত যন্ত্রে রূপান্তরিত হচ্ছি, আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি। এই প্রেক্ষাপটে মানুষের মানবিকতা সংরক্ষণের জন্য সাহিত্য-সংস্কৃতির চর্চাবৃদ্ধি প্রয়োজন।

ড. হাছান বলেন, গত শতকে মানুষ চাঁদে পৌঁছেছে, এই শতকে মঙ্গলগ্রহে পৌঁছাবার চেষ্টায় রত। এই পৃথিবীতে ক্ষুধা-দারিদ্র থাকার কথা নয়। কিন্তু এখনও বিশ্বে প্রতি ১০ জনে ৫ জন খাবার নষ্ট করে। আর চারজন ভরপেট খাবার পায় না। এ অশান্তি দূর করতে লেখক দিবসের স্লোগান ‘শান্তির পৃথিবী চাই’ অত্যন্ত সময়োপযোগী।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে তাঁর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অদম্য গতিতে এগিয়ে চলেছে বলে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা ইতিমধ্যেই ক্ষুধাকে জয় করেছি, দারিদ্র্যকেও পেছনে ফেলে এগিয়ে চলছি।’

অনুষ্ঠানে বাংলাদেশ রাইটার্স ক্লাবের সভাপতি ও জাতিসত্তার কবি হিসেবে খ্যাত কবি মুহম্মদ নূরুল হুদার সভাপতিত্বে কবি ও লেখকদের মধ্যে সাবেক এমপি কাজী রোজী, স ম শামসুল আলম, ঝর্ণা রহমান, নাহিদা আশরাফী, রাইটার্স ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ দুলাল, সোহাগ সিদ্দিকী, রিশাদ হুদা, জাহাঙ্গীর ফিরোজ, নাহার ফরিদ খান, নাসিমা রহমান শিউলি, নূরিতা নূসরাত, নাসরিন ইসলাম প্রমুখ অনুষ্ঠানে অংশ নেন।

LEAVE A REPLY