মুজিববর্ষে প্রতিটি গৃহহীন মানুষ ঘর পাবে

0
175
ছবিঃ বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুজিববর্ষে দেশের প্রতিটি গৃহহীন মানুষ যেন ঘর পায় সেই ব্যবস্থা নেবে সরকার। আমরা চাই একটি মানুষও যেন গৃহহীন না থাকে।

আজ রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ২৩ তম আইডিইবি জাতীয় সম্মেলন এবং “স্কিলস রেডিনেস ফর এচিভিং এসডিজি এন্ড এডপটিং আইআর ৪.০” বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন করে প্রধান অথিতির বক্তব্যে এইসব কথা বলেন তিনি।

এসময় বিজ্ঞান, প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের সকল মানুষকে দক্ষ করে তুলতে দেশব্যাপী ‘মাস ট্রেনিং প্রোগ্রাম’ হাতে নেয়া হবে।

কৃষিজমি, জলাধারসহ পরিবেশ, প্রতিবেশ রক্ষা করে প্রকৌশলীদের উন্নয়ন পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান তিনি।

ইভিএমের মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করায় নগরবাসীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, নগরবাসী ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দিয়ে পুনরায় তাদের প্রতি আস্থা ও বিশ্বাস স্থাপন করেছেন। এ বিজয় দেশের ব্যাপক উন্নয়ন ও অগ্রগতির জন্য বর্তমান সরকারের প্রতি আস্থা ও বিশ্বাসের প্রতিফলন।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কাজের ক্ষেত্র বাড়বে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রতি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল কলেজ নির্মাণ করা হচ্ছে। ৩২৯ উপজেলায় ২০ হাজার ৫২৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব ইন্সটিটিউটের মাধ্যমে দক্ষ নাগরিক গঠনের কাজ ত্বরান্বিত হবে।

ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় এই সম্মেলনের আয়োজন করেছে।

কার্যক্রমের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালোরাতে হত্যাকান্ডের শিকার জাতির পিতা এবং তাঁর পরিবারের নিহত সদস্যবৃন্দ, শহীদ চার নেতা, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে শহীদ এবং ১৯৫২ সালে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

LEAVE A REPLY