নেতিবাচক রাজনীতি সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির পরাজয়ের কারণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিন এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে এক সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন , ‘সাম্প্রদায়িক রাজনীতি পরিহার না করলে বিএনপি ঘুরে দাড়াতে পারবে না। বিএনপি নেতাদের মধ্যে ঐক্য নেই। তারা আন্দোলন, নির্বাচন এবং সাংগঠনিক শক্তি অর্জনে ব্যার্থ হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিএনপি ধারাবাহিক পরাজয়ের হতাশা থেকে অনেক কথা বলছে। তাদের আন্দোলনের হুমকি মানুষ বিশ্বাস করে না।অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুশাসন এবং দেশের উন্নয়ন বাংলাদেশসহ বিশ্ব নেতাদের নজর কেড়েছে। দেশের মানুষের আস্থা অর্জনে প্রধানমন্ত্রী সক্ষম হয়েছেন।
এ কারণে আওয়ামী লীগের বিজয়ের ধারা অব্যাহত থাকবে উল্লেখ করে কাদের বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক শক্তি দেশের জন্য কাজ করে এটি প্রমানিত হয়েছে। সিটি কর্পোরেশন নির্বাচনে দলের কোন ভুল হলে তা সংশোধন করে আগামীতে পথ চলবে বলেও জানান তিনি।
সভায় ফেব্রুয়ারি মাসের মধ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিন এবং যেসব সহযোগী সংগঠনের সম্মেলন হয়েছে তার পূর্ণাঙ্গ কমিটি করা হবে বলেও জানান তিনি।












