আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি কর্পোরেশনে নির্বাচনে মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের দলীয় মনোনয়নপত্র বুধবার থেকে বিক্রি শুরু করেছে।
এখন পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস ও হাজী মোহাম্মদ সেলিম।
অপর দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান মেয়র আতিকুল ইসলাম।
তিন নেতার পক্ষে বুধবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তাদের লোকজন।
মেয়র পদে ফরমের দাম ২৫ হাজার টাকা। ফরম বিতরণ আগামী ২৭ ডিসেম্বর রোজ সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে। আগামী ২৭ ডিসেম্বর শুক্রবার বিকাল ৫টার মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
মনোনয়ন দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ১০ জানুয়ারি।












