নারীদের জন্য নিরাপদ ঢাকা গড়ার প্রত্যয় তাপসের

0
194
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস । ফাইল ছবি

মেয়র নির্বাচিত হলে নারীদের জন্য নিরাপদ ঢাকা গড়ার প্রত্যয় জানিয়ে শেখ ফজলে নূর তাপস বলেন, ‘যখন আমরা দেখি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কোনো বোন ধর্ষণের শিকার হয়, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। এই ঢাকা শহরে যাতে আমাদের মা-বোনেরা, খালা-চাচীরা নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারে, কর্মসংস্থানে যেতে পারে, আমরা সেই ঢাকাই গড়ে তুলব।’

গতকাল মঙ্গলবার বিকালে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সমর্থনে যুবলীগ আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু।

এবারের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস।

যোগ্য মেয়রকে নির্বাচিত করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের সুযোগটাকে কাজে লাগানোর আহ্বান জানিয়ে তাপস বলেন, ‘ঢাকার ঐতিহ্য সারা বিশ্বের কাছে তুলে ধরা হবে। বায়ুদূষণমুক্ত করব। সৌন্দর্য বর্ধন করব। ঢাকার প্রতিটি ওয়ার্ডে আমাদের সন্তানদের জন্য খেলার মাঠ ও পার্কের ব্যবস্থা করব। আমাদের মা-বোন ও এলাকার মুরব্বিদের জন্য হাঁটার ব্যবস্থা করব। সচল ঢাকা করতে আমাদের পরিবহন ব্যবস্থাকে পুনর্বিন্যাস করা হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত করব।’

তিনি আরও বলেন, ২০৪১ সালের মধ্যে একটি উন্নত বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে কাজ করছেন প্রধানমন্ত্রী। আর সেই উন্নত বাংলাদেশের জন্য উন্নত রাজধানী প্রয়োজন।

এই সময় ঢাকার উন্নয়নের জন্য এখন সঠিক নেতৃত্ব দরকার উল্লেখ করে তিনি বলেন, সময় হয়েছে ঘুরে দাঁড়াবার, নতুন পথে যাত্রা শুরু করার। অনেক সময় পেরিয়ে গেছে, অনেক অবহেলা, গাফিলতিতে ঢাকা অপরিকল্পিত নগরী হয়ে গেছে। দূষণে আক্রান্ত নগর হয়ে গেছে। ঢাকাকে বাঁচিয়ে তুলতে হবে। ঢাকাকে পুনরুজ্জীবিত করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ , যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, সাবেক প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট বেলাল হোসাইন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি, মামুনুর রশীদ, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক, সাবেক সহসম্পাদক তাজউদ্দিন আহমেদসহ কেন্দ্রীয় ও ঢাকা দক্ষিণ যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY